সনেট || বাসিফুলের মালা || শিমুল হোসেন শূন্য
বাসিফুলের মালা
কবি হতে চাইনিতো, তা'হতে আসিনি
চেয়েছি তপ্ত তরুণে অন্যায় সরাতে
হিম হিম রক্তস্রোতে উষ্ণতা ছড়াতে;
গুরুজনে সমতুল নিজেকে ভাবিনি।
কবিত্বের নদী জলে স্বপ্নেও ভাসিনি
চেয়েছি ক্লান্ত শরীরে চৌত্রের খরাতে
শীতল বায়ুর বেশে আত্মাটা ভরাতে;
পারলাম কই? তবে- সে আশা ছাড়িনি।
সাদা কালো লাল নীল লিখছি যা কিছু
পৃথ্বী জুড়ে না ছড়াক, নাম না করুক
চাইলে পরাতে পারো বাসিফুলে মালা;
নামী দামী সওগাত টানে না'তো পিছু
নেশাতুর লিখে যাই, কেউ না পড়ুক
মনে পাই আত্মতৃপ্তি মেটে বুক জ্বালা।
রচনাকাল:
০৭।০৫।২০২০ ইং
পেত্রার্কীয় সনেট, অন্ত্যমিল- কখখক:কখখক:: গঘঙ:গঘঙ

Comments
Post a Comment